বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি জানান, চলতি বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। নতুন তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।
এর আগে গত ১০ আগস্ট প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। দাবি-আপত্তি নিষ্পত্তির পর আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। সচিব আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে যারা ১৮ বছরে পা দেবেন, তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোজার আগে, অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ফলে নবসংযোজিত ভোটাররাও সেই নির্বাচনে অংশ নিতে পারবেন।
কীওয়ার্ডস: বাংলাদেশ ভোটার সংখ্যা ২০২৫,নির্বাচন কমিশন আপডেট,জাতীয় ভোটার তালিকা,নারী ভোটার সংখ্যা বাংলাদেশ,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন