প্র দী প গু প্ত

  • ফসিল
  • ২০২৫-০৮-৩১ ১৩:৪৪:২৬
image

ক্ষইতে হবে। হবেই।
যেমন নোনা বাতাসের ঝাপটে
ক্ষয়ে যায় মহীধরের দুর্লঙ্ঘ প্রাচীর
যেভাবে দু'চোখের আকুলতায়
ক্ষয় ধরে, ক্ষয়ে যায় মানব হৃদয়
ক্ষইতে হবে। হবেই।

রথের ঘর্ঘর ঘর্ষণে ক্ষয়ে যায় রাজমার্গ
লণ্ডভণ্ড হয় তার বুকে পেতে রাখা সযত্ন চাদর
সেরকমই রাজপথের দূরন্ত নির্ঘোষে ক্ষয়ে যায়
রাজার প্রাসাদ। 
বহুযত্নের মীনকেতন মীনধ্বজ পড়ে ভেঙে

একদিন বেহুলার জেদ,
ভেঙে টুকরো টুকরো করেছিলো
ইন্দ্রলোকের সুচারু সভ্য সভা
ফিরিয়ে এনেছিলো লখিন্দরের ছিনিয়ে নেওয়া প্রাণ।

কোনো গুমর দীর্ঘস্থায়ী নয়
ক্ষইতে হয়। হবেই।

ক্ষয়ে যায় একদা গৌরবের ভাষা, ধর্ম
রাজার অহংকারে যে ধর্মের ঢক্বাধ্বনি
গিলে খেয়েছিলো অন্য নিরীহ ধর্মের বই
জিউস, পসেইডন, মিশরের ধর্ম -
সব কিছু ক্ষয়ে ক্ষয়ে
নিশ্চিহ্ন হয়ে গেছে কৃষ্ণবিবরে।

ল্যাটিনে লেখে কি কেউ প্রেমপত্র আজ
অথবা সংস্কৃতে!
সুমেরীয় ভালোবাসা - মিশরীয় প্রেম - ক্ষয়ে গেছে সব।

কালের কালো গহ্বর গিলে খেয়েছে দুরন্ত ডোডো পাখি
স্বাদু মাংসের লোভে শিকারীর দল খুবলে খেয়েছে তাকে
গোষ্ঠীদ্বন্দ্বে হারিয়ে গেছে পরাক্রান্ত ডাইনোসর
রেখে গেছে সময়ের বুকে ক্ষয়ে যাওয়া হাড়ের ফসিল।

সবকিছু ক্ষয়ে ক্ষয়ে যায়
ক্ষইতে হবে। হবেই
এটাই ধর্ম জগতের
স্মৃতি - সত্ত্বা - ভবিষ্যৎ
আমার তোমার আমাদের তাহাদের

শুধুমাত্র পৃথিবীর সেই আদিমকাল হতে
থেকে গেছে, থেকে যাবে প্রেম আর বিজ্ঞানের জয়যাত্রা
লয়হীন - ক্ষয়হীন - অনন্ত - অপার।

পুরোনো পৃথিবী নিজেকে ভেঙে
নতুন করে রাস্তা করে দেয়
নতুন সভ্যতাকে এগিয়ে চলার
যার মননে বিজ্ঞান 
আর হৃদয়ে ভালোবাসার অনন্ত সম্ভার।