ভিওএ থেকে ৫০০ সাংবাদিক ছাঁটাইয়ের ঘোষণা, সমালোচনায় ট্রাম্প প্রশাসন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-৩১ ১১:৪৪:৩৩
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) থেকে প্রায় ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৩০ আগস্ট) ভিওএ’র মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান কারি লেক জানান, এ উদ্যোগের ফলে সরকারি আমলাতন্ত্র হ্রাস পাবে, সেবার মান উন্নত হবে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে।
তবে কর্মীদের একটি ইউনিয়ন এ পদক্ষেপকে ‘অবৈধ’ বলে উল্লেখ করে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভিওএ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। সংস্থার আদালত নথি অনুযায়ী, এবার ৫৩২টি পদ বাতিল হচ্ছে, যার মধ্যে অধিকাংশই ভিওএ’র। এতে সংস্থাটিতে মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবে।
এর আগে জুনে কারি লেক ৬৩৯ কর্মীকে বরখাস্তের নোটিশ দিয়েছিলেন, কিন্তু কাগজপত্রের জটিলতায় তা কার্যকর হয়নি। পরে কিছু কর্মী আদালতের শরণাপন্ন হন। শুক্রবার রাতের ঘোষণার আগেই আদালত রায় দিয়েছিল, ভিওএ’র পরিচালক মাইকেল আব্রামোভিৎজকে বরখাস্ত করার সময় প্রশাসন নিয়ম মেনে চলেনি।
সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হানবে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ‘সফট পাওয়ার’ দুর্বল করবে। বর্তমানে ভিওএ প্রায় ৫০টি ভাষায় টিভি, রেডিও ও অনলাইন কনটেন্ট সম্প্রচার করে থাকে।

কীওয়ার্ডস: ভয়েস অব আমেরিকা সাংবাদিক ছাঁটাই,ট্রাম্প প্রশাসন ভিওএ,ভিওএ আন্তর্জাতিক সম্প্রচার,ভিওএ সংকুচিত,যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম স্বাধীনতা