চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মা নদীতে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২৮ ০৯:৫৫:০০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে গত সোমবার (২৫ আগষ্ট)   অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার ভারতীয় নাগরিক হিরো মন্ডলের (৩২) মরদেহ  পরিচয় নিশ্চিতের পর ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে বিজিবি ও পুলিশ। উদ্ধারের দুদিন পর গত বুধবার (২৭ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের শিংনগর সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ভারতীয় পুলিশের নিকট ময়নাতদন্তের পর ফ্রিজিং করে সংরক্ষণ করা মরদেহটি হস্তান্তর করে। এ সময় হিরো মন্ডলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়,হিরো মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের বৈষ্ণবনগর থানার চরসুজাপুর হাটখোলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় জেলে ছিলেন। গত ২৩ আগষ্ট পদ্মায় মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান  মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের নিকট খবর পেয়ে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/২ এস হতে আনুমানিক ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কদমতলা সেতারাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর ঘাট এলাকায় ভাসমান মরদেহটি শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয় বিজিবি। পরে শিবগঞ্জ পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পরবর্তী তদন্তের জন্য নৌ-পুলিশের নিকট হস্তান্তর করে।মরদেহে কোন আঘাতের চিহ্ন ছিল না।
অধিনায়ক মুস্তাফিজুর রহমান আরও বলেন, মরদেহের ছবি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএসএফ ওই ব্যাক্তি ভারতীয় নাগরিক দাবী করে বিজিবি’র সাথে প্রথমে ফোনে যোগাযোগ করে। পরে গত মঙ্গলবার(২৪ আগষ্ট)  শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে  এ নিয়ে দুই বাহিনীর  প্রথম পতাকা বৈঠক হয়। বৈঠকে  বিএসএফ হিরো মন্ডলের পরিচয়ের সম্পক্ষে আধার কার্ড সহ অনান্য প্রমাণ উপস্থাপন করে। সেই ধারাবাহিকতায় বুধবার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার  ১৭০ এর নিকট ৭১ বিএসএফ  ব্যাটালিয়নের শোভাপুর ক্যাম্পের সাথে আরেক দফা পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয়।