সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ আবারও নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
আগের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা। এবার লক্ষ্য জয় ধরে রেখে পয়েন্ট টেবিলে শীর্ষের দিকে এগিয়ে যাওয়া।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।
এবারের সাফ অনূর্ধ্ব-১৭ নারী আসরে অংশ নিচ্ছে মাত্র চারটি দেশ। ডাবল লিগ ভিত্তিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলছে।
প্রথম লেগ শেষে ভারত তিন ম্যাচেই জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারা নেপালকে ৭-০, বাংলাদেশকে ২-০ এবং ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে।
বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। লাল-সবুজরা ভুটানকে ৩-১ এবং নেপালকে ৩-০ গোলে হারালেও ভারতের কাছে হেরেছে।
শিরোপার দৌড়ে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশও লড়াই চালিয়ে যাচ্ছে। সহকারী কোচ আবুল হোসাইন জানিয়েছেন, দ্বিতীয় লেগের সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামছে মেয়েরা।
অন্য সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, প্রথম লেগে যে ছোটখাটো ভুলগুলো হয়েছিল, তা কাটিয়ে উঠেছে দল। ইনজুরি সমস্যা কেটে যাওয়ায় দল আরও শক্তিশালী হয়ে নেপালের বিপক্ষে নামবে।
কীওয়ার্ডস:সাফ অনূর্ধ্ব-১৭,বাংলাদেশ নারী ফুটবল,নেপাল বনাম বাংলাদেশ,নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ,সাফ ফুটবল টুর্নামেন্ট