ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান, আর অনাহারে মৃত্যু হয়েছে অন্তত তিনজনের।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে মহল্লা-মহল্লা ধ্বংস করে দিচ্ছে। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ছে। বাজার, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলায় নারী-পুরুষ ও শিশুরা নিহত হচ্ছেন।
প্যালেস্টাইনি সিভিল ডিফেন্স জানিয়েছে, চলমান অভিযানে এক হাজারেরও বেশি ভবন ধ্বংস হয়েছে। গাজার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে দক্ষিণ দিকে বাধ্য হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ক্ষুধা, দুর্ভিক্ষ ও অপুষ্টি ভয়াবহ আকার নিয়েছে।
জাতিসংঘের মানবিক দপ্তর সতর্ক করেছে যে গাজায় জরুরি সেবা ভেঙে পড়ছে, আর হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা ৩০৩ জনে পৌঁছেছে, যার মধ্যে ১১৭ জন শিশু।
কীওয়ার্ডসঃগাজা হামলা,ফিলিস্তিনি নিহত,ইসরাইলি আক্রমণ,মানবিক সংকট,গাজার পরিস্থিতি