চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মা নদীতে বিজিবির তথ্যে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২৬ ১৫:৫২:৫৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে  বিজিবি’র দেয়া তথ্যেও ভিত্তিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৩)  অর্ধগলিত ভাসমান  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়,গত সোমবার(২৫ আগষ্ট)  বিকাল সাড়ে ৫টার দিকে বিজিবি’র দেয়া সংবাদে পাঁকা ইউনিয়নের কদমতলা সেতারাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন,বিজিবির নিকট থেকে দুপুর  আড়াইটার দিকে  খবর পেয়ে পুলিশ  বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। ২/৩ দিন পূর্বে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা  মঙ্গলবার(২৬ আগষ্ট) বিকাল পর্যন্ত মরদেহ  শনাক্ত করতে পারে নি বা  এ ব্যাপারে কোন তথ্য জানাতে পারে নি।  কারও নিখোঁজ সংক্রান্ত তথ্যও পুলিশের নিকট নেই। মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে কিনা সেটিও নিশ্চিত নয়।  
ওসি আরও বলেন,মরদেহটি ময়নাতদেন্তর জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ি ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের নিকট খবর পেয়ে বিজিবি’র একটি টহলদল  মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/২ এস হতে আনুমানিক ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তাদের হেফাজতে নেয়।