যুক্তরাষ্ট্র ভিসার খরচ বাড়ছে, নতুন ফি কার্যকর অক্টোবরে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২৫ ১৪:৫২:৫৯
image

যুক্তরাষ্ট্রে ভ্রমণ আরও ব্যয়বহুল হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেসে পাস হওয়া নতুন আইন ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর অধীনে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের অতিরিক্ত ২৫০ ডলার ফি দিতে হবে।
আগামী ১ অক্টোবর থেকেই এই নতুন ভিসা ফি কার্যকর হতে পারে বলে জানিয়েছে ইউএসএ টুডে। বর্তমানে বি১/বি২ ভিসার ফি ১৮৫ ডলার। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভ্রমণ ভিসার মোট খরচ দাঁড়াবে প্রায় ৪৩৫ ডলার, যা এক লাফে ১৩৫ শতাংশের বেশি বৃদ্ধি।
তবে যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত কর্মসূচি (ইএসটিএ)–এর আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য এই অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইনগতভাবে নতুন ফি ২০২৫ অর্থবছরের শুরুতেই চালু করা সম্ভব হলেও এটি ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভিসাগুলোর একটি হয়ে উঠবে।
ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা ফি বৃদ্ধির প্রভাব শুধু পর্যটন খাতে নয়, আন্তর্জাতিক আয়োজনেও পড়বে। বিশেষ করে ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিম্ন-আয়ের দেশের সমর্থক ও খেলোয়াড়দের অংশগ্রহণ কঠিন হয়ে পড়তে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফি ফেরতযোগ্য হতে পারে। তবে কিভাবে ফেরত দেওয়া হবে, সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট কাঠামো বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। এতকিছুর পরও একথা নিশ্চিত যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ শিগগিরই অনেকটা বেড়ে যাবে।

কীওয়ার্ডস: যুক্তরাষ্ট্রভিসা, ভ্রমণখরচ, নতুনভিসাফি, আমেরিকাভ্রমণ