দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় হিলারি উত্তর ও উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২২ ২৩:১২:০৯
image

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় হিলারি উত্তর ও উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে ক্যালিফোর্নিয়ায় এখনও বৃষ্টি হচ্ছে। বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১ কোটি ৬০ লাখ মানুষ বন্যা সতর্কতার অধীনে রয়েছে।
এদিকে, রাশিয়ার মস্কোতে টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৫ জনের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। অন্যদিকে, আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যসহ কানাডা, স্পেন ও গ্রিসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। 
গ্রীষ্ণমণ্ডলীয় ঝড় হিলারির প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝড়ের কারণে বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা। প্ল¬াবিত হয়েছে রাস্তাঘাট। দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। ১ কোটি ৬০ লাখ মানুষ এখনও বন্যা সতর্কতার অধীনে রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ ফিরে আনার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  
রাশিয়ার মস্কোতে টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। পানিতে তলিয়ে গেছে বহু রাস্তাঘাট। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।
ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টি জনিত নানা কারণে প্রতিদিনই ঘটছে প্রাণহানি। রাজ্য দুটির বেশ কিছু এলাকার স্কুল বন্ধ রয়েছে। আগামী দুই দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। জারি করা হয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা। 
এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে গেছে শত শত স্থাপনা। জারি রয়েছে জরুরি অবস্থা। আগুন লাগার ১৩ দিন পর হাওয়াই রাজ্যের মাউই দ্বীপের দাবানল কবলিত স্থান পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন বাইডেন। সেখানে এখনও নিখোঁজ সাড়ে আটশো জন। 
এছাড়া, গ্রিসের ৬৪টি স্থানে ছড়িয়েছে দাবানল। বেশিরভাগ অঞ্চল নতুন নতুন দাবানলের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। অব্যাহত রয়েছে কানাডা ও স্পেনের দাবানল।