চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মাদক আখড়ায় টাস্কফোর্স অভিযানে গ্রেপ্তার ৮
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-০৮-২০ ১৫:০৯:৫৯
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কূখ্যাত মাদকস্পট রহনপুর পৌর কেডিসিপাড়া এলাকায় মাদকবিরোধি টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে।
বুধবার(২০ আগষ্ট) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে সেনাবাহিনী,র্যাব, পুলিশ ও কাস্টমস সদস্যরা সমন্বিতভাবে অংশ নেয়।
নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়,অভিযানে জব্দ হয় ৮৪০পিস ইয়াবা, ১৪০ গ্রাম ও ৪৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা,১৯ লিটার চোলাই মদ, হেরোইন পরিমাপক মিটার ৩টি এবং মাদক বিক্রির নগত ৫৬ হাজার ১৭৫ টাকা।
অভিযানে ৮ জন আটক হয়। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে ৩টি নিয়মিত মামলা প্রক্রিয়াধীণ। অপর ৩ জনকে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সাব্বির হোসেন রুবেল পরিচালিত ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতে ১ মাসের কারাদন্ডপ্রাপ্তরা হলেন নুনগোলা কেডিসিপাড়ার খোশ মোহম্মদের ছেলে মো. আরিফ(২৯) এবং গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী এলাকার মৃত মজিবুরের ছেলে মো.কাদির(৪৫) এবং ১৫দিনের কারাদন্ড দেয়া হয় নুনগোলা কেডিসিপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো.মরু(৪০)।
অভিযানে আটক ৫ জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় ৩টি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীণ। ওই ৫ জন হলেন নুনগোলা কেডিসিপাড়ার মৃত আব্দর রাজ্জাকের স্ত্রী আসমা বেগম,মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. তানু(৪৫), ইকরামুলের স্ত্রী মোসা.চিরল, তাজুর স্ত্রী বিজলী(৫০) এবং মৃত ইসলামের স্ত্রী বুধি(৫০)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান অভিযান সংক্রান্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।