দেশপ্রেমে উদ্বুদ্ধ ও শৃঙ্খলা রক্ষার আহ্বান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১৯ ২০:২৬:৫৩
image

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের উদ্দেশে বলেছেন, বাহিনীর প্রতিটি সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে এবং চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে। তিনি মনে করিয়ে দেন, দেশের জনগণ এখন সেনাদের প্রতি আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন, তাই মাঠে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।
সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এসব মন্তব্যে বিরক্ত হওয়ার কিছু নেই। এগুলো মূলত তরুণ প্রজন্মের কাছ থেকে আসছে, যারা একসময় নিজেরাই বুঝতে পারবে ভুল করেছে।
তিনি আরও জানান, একজন সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেয়া হবে না।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে যেন কেউ অপরাধে জড়িয়ে না পড়ে।
তিনি আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনারা মাঠে দায়িত্ব পালন করছে। দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালনের কারণে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর তিনি জোর দেন।

কীওয়ার্ডস:
বাংলাদেশ সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, নির্বাচন ২০২৫, দেশপ্রেম, চেইন অব কমান্ড