ভাঙো, অথবা যেমন গড়ো
দাগ থাকে। সেই দাগ মুছতে যেও না।
যদিও পাতাল, ধীরে ধীরে ডুবে যাও
দুটি হাত উপরে রাখিও।
দেখেছি, তুমিও খবরের অস্থির খবর পড়ো।
যারা অস্থির করেছে দিনকাল, যদি চিনে থাকো
আশেপাশে যারা থাকে তাদের জানিও।
দূরের শহর থেকে গ্রামে যাও। হিত অহিত বোঝাও
যারা মাটিতে কাদাতে কোমর ডুবিয়ে ফলিয়েছে ধান
তাদেরকে বলো, সোজা হও।
লাউয়ের ডগার মতন নুয়ে কতদিন, আর কতদিন!
যদি বর্ষা নামে এখনই, যদি ভাসে ধান ক্ষেত!
অতিরিক্ত প্রবাহ থামাও।
ভ্রমরও থাকে না ভূতলে।
দিন যদি চলে অনিয়মে, ভাঙো, তাকেও বদলে দাও।
তোমার বলিষ্ঠ হাত সব পারে।
তোমার আগুনে সত্তা, তাকে জাগাও।
আগে চেতনাতে বিপ্লব, তখন সহস্র হাত
চোখ ডলতে ডলতে চারিপাশে, যত্নে গোছাও।
ভাঙো, গড়ো, চোখ থেকে জল যদি বা গড়ায়
আকাশে তারার কথা বলো। আরো আরো তারা
জড়ো হোক দুপাশে তোমার, জাগাও তাদের, জাগাও!