প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও বসছে যুব বিশ্বকাপের আসর,
যেখানে এবার প্রথমবারের মতো অংশ নেবে ১৬টি দল। আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে অনুষ্ঠিত হবে এই আসর।
সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৪১টি ম্যাচ আয়োজন করা হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে শীর্ষ দশ দলের একটি ছিল বাংলাদেশ,
ফলে নতুন করে বাছাইপর্ব খেলতে হয়নি তরুণ টাইগারদের।
সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো হলো— স্বাগতিক জিম্বাবুয়ে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
আঞ্চলিক বাছাই থেকে জায়গা করে নিয়েছে তানজানিয়া (আফ্রিকা), যুক্তরাষ্ট্র (আমেরিকা), আফগানিস্তান (এশিয়া), জাপান (পূর্ব এশিয়া-প্যাসিফিক) ও স্কটল্যান্ড (ইউরোপ)।
এবার দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে সুপার-সিক্সে। সেখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনালের দল।
তবে এখনো গ্রুপ ভাগাভাগির ড্র অনুষ্ঠিত হয়নি। ফলে বাংলাদেশ কোন গ্রুপে পড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে কিছুদিন।
কীওয়ার্ডস: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬,বাংলাদেশ যুব দল,নামিবিয়া জিম্বাবুয়ে ক্রিকেট,U19 Cricket World Cup,বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট