প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে মোট ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত ১১ প্রকল্পের মধ্যে ৫টি নতুন, ২টি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ছাড়াই ৩টির মেয়াদ বাড়ানো হয়েছে।
মোট অর্থায়নের মধ্যে সরকারি খাত থেকে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা, বৈদেশিক ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ থাকবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— রংপুর অঞ্চলে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, বাপবিবোর শিল্পাঞ্চলে উপকেন্দ্র আধুনিকায়ন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, পাঁচ মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন, আজিমপুর সরকারি কলোনিতে বহুতল ফ্ল্যাট নির্মাণ, ফায়ার সার্ভিসের জন্য আবাসিক ভবন নির্মাণ, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প।
এছাড়া বৈঠকে পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে এর আগে অনুমোদিত আরও ৯টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে হাতিয়া, নিঝুম ও কুতুবদিয়া দ্বীপের টেকসই বিদ্যুতায়ন, রাজশাহী-রংপুরে স্মার্ট মিটার স্থাপন, পার্বত্য অঞ্চলে সড়ক উন্নয়ন, কপোতাক্ষ নদ এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ এবং বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য অবকাঠামোগত উদ্যোগ।
কীওয়ার্ডস: একনেক সভা ২০২৫,বাংলাদেশ উন্নয়ন প্রকল্প,৯ হাজার কোটি টাকা প্রকল্প,ড. মুহাম্মদ ইউনূস,সরকারি অবকাঠামো উন্নয়ন