গাজার ফিলিস্তিনিদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৭ ১০:০৯:০১
image

ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য ভিসা প্রদানের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। 
শনিবার (১৬ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানায়।
বার্তায় জানানো হয়, চিকিৎসা ও মানবিক কারণে বর্তমানে সীমিত আকারে যে অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে, তার পদ্ধতি ও প্রক্রিয়া পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের জন্য ভিসা দেওয়া হবে না।
এর আগে, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ‘হিল’-এর সহায়তায় ইসরাইলি হামলায় গুরুতর আহত তিন ফিলিস্তিনি শিশু ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আমেরিকায় নেওয়া হয়। 
১৬ আগস্ট এ তথ্য প্রকাশিত হওয়ার পর মার্কিন কট্টর ডানপন্থি কর্মী লরা লুমের সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লুমের অভিযোগ তোলেন, ইসলামপন্থি অভিবাসীদের প্রবেশ করানো কীভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাচ্ছে? 
তার মন্তব্যের পর রিপাবলিকান দলের বহু নেতা ও সমর্থকও এ বিষয়ে সমালোচনায় যোগ দেন।
কিছু ঘণ্টার মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গাজার ফিলিস্তিনিদের ভিসা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে।

কীওয়ার্ডস: গাজা ভিসা স্থগিত, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ভিসা, ইসরাইল গাজা হামলা, মার্কিন পররাষ্ট্রনীতি, ফিলিস্তিনি সংকট