জুলাই জাতীয় সনদ ২০২৫: রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠাল জাতীয় ঐকমত্য কমিশন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১৬ ২২:৩১:২১
image

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ৮৪ দফা সম্বলিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পূর্ণাঙ্গ খসড়া এবং এর বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা পাঠিয়েছে। 
শনিবার (১৬ আগস্ট) খসড়াটি আনুষ্ঠানিকভাবে দলগুলোর কাছে পাঠানো হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই খসড়ায় ব্যবহৃত শব্দ, বাক্যগঠন কিংবা কোনো বিষয়ে মতামত থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে তা কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, সাংবিধানিক কনভেনশন এবং জনগণের ইচ্ছার প্রতিফলন বহুবার গুরুত্ব পেয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ে আইনি কাঠামো অনুপস্থিত থাকলেও জনগণের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে।
এই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণের রক্ত, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। 
খসড়ায় বলা হয়, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ফসল হিসেবে প্রণীত এই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এবং অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে এই সনদই প্রাধান্য পাবে।
এতে আরও বলা হয়, সনদের প্রতিটি প্রস্তাব সাংবিধানিক ও আইনি বৈধতা পাবে। পাশাপাশি ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। শহীদদের মর্যাদা, পরিবারগুলোর সহায়তা ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে জানানো হয়েছে, এই সনদের কিছু প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নযোগ্য। তাই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এসব বাস্তবায়ন করতে হবে।
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’কে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সনদ বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

কীওয়ার্ডস:
জুলাই জাতীয় সনদ ২০২৫, জাতীয় ঐকমত্য কমিশন, গণঅভ্যুত্থান ২০২৪, রাজনৈতিক দল, বাংলাদেশ সংবিধান