চাঁপাইনবাবগঞ্জে মাদকস্পটে বিজিবি’র অভিযানে মব সৃষ্টি করে আক্রমনের চেষ্টা, আটক ১
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-০৮-১৫ ২৩:৫৫:৪৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চিহ্নিত মাদকস্পট একটি আমবাগানে মাদকসেবন এবং বিক্রির সময় বিজিবি’র অভিযানকালে মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের উপর আক্রমনের চেষ্টার অভিযোগে সাজিদ আহমেদ টুটুল (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। তিনি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। অভিযানে জব্দ হয়েছে ১৫২ বোতল ফেনসিডিল, ৫টি মোটরসাইকেল,মদের একটি খালি বোতল, নগদ বাংলাদেশী ৪৫ হাজার ৩৩০টাকা, ২টি মোবাইল ফোন ও ভারতীয় রুপী। গত (১৫আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে বাখেরআলী বিওপি’র প্রায় ৭ কিলোমিটার দূরে পদ্মানদীর ৪ নং বেড়িবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাখেরআলী বিওপি’র একটি টহলদল ওই আমবাগানে উপস্থিত হলে ৫টি মোটরসাইকেল ফেলে আরোহিরা পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় বিজিবি টুটুলকে আটক করতে সক্ষম হয়। টুটুলের হেফাজত হতে জব্দ হয় ফেনসিডিলসহ অনান্য সামগ্রী।
বিজিবি আরও জানায়, পরে পালানো ব্যাক্তিরা এলাকার কিছু লোকজনকে সাথে নিয়ে টহলদলের উপর আক্রমন করে মব সৃষ্টির চেষ্টার মাধ্যমে চরমভাবে সরকারি কাজে বাধা দেয়। এ অবস্থায় বিওপি হতে কোম্পানী কমান্ডারের নেতৃত্বে অতিরিক্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় সদর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানায় বিজিবি।
রাত সাড়ে ১১টায় ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং এলাকাবাসীর অভিযোগের পরই বিজিবি ওই বাগানে অভিযান চালায়। কোম্পানী কমান্ডারের উপস্থিতিতে ভিডিও করে মালামাল জব্দ করা হয়। নির্জন আমবাগানে ৫টি মোটরসাইকেলে অন্তত: ১০ জন যুবকের উপস্থিতি সন্দেহজনক। এছাড়া ভারতীয় রুপী পাবার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ঘটনাটি চোরাচালান সংক্রান্ত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।