রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১৫ ২৩:০৩:৩৪
image

প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ বা আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা রাখেন না।
মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “না, আমি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সুযোগ বা আগ্রহ নেই।”
সাম্প্রতিক সরকারি সফরের সময় দেয়া এ সাক্ষাৎকারে বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দূরার রাজ, আন্তর্জাতিক সংবাদ বিভাগের সম্পাদক ভুন মিয়াও পিং এবং অর্থনৈতিক সংবাদ বিভাগের সহকারী সম্পাদক কিশো কুমারি সুসেদারামের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন।
ড. ইউনূস জানান, তার বর্তমান দায়িত্ব হলো অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেয়া।
২০২৪ সালের ৮ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেয়ার জন্য শপথ করান।
তিনি বলেন, “আমরা এক বছরের পথ অতিক্রম করেছি এবং এই সময়ে অনেক সাফল্য অর্জন করেছি।”
তার উল্লেখিত সাফল্যের মধ্যে অন্যতম হলো ‘কনসেনসাস বিল্ডিং কমিশন’-এর গঠন, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে। এর মধ্যে নির্বাচন সংস্কারকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য ভোটব্যবস্থা নিশ্চিত করা যায়।
ড. ইউনূসের তথ্য অনুযায়ী, মাসের শেষ নাগাদ কমিশনের প্রতিবেদন প্রস্তুত হবে। এই কমিশন রাজনৈতিক ও সাংবিধানিক সংবেদনশীল বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করেছে এবং এসব আলোচনা সারা দেশে সরাসরি সম্প্রচার করা হয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য।
তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন সঠিক পথে রয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম গ্রহণযোগ্য ভোট, যা জনগণ সত্যিকার অর্থে প্রত্যক্ষ করবে।”
বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ কোটি ৬১ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে, যারা দীর্ঘদিন পর এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

কীওয়ার্ডস:
ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ নির্বাচন, অন্তর্বর্তী সরকার, নির্বাচন সংস্কার, ভোটাধিকার