ট্রাম্পের নীতি বদলে ভারত-চীন ঘনিষ্ঠতার নতুন সমীকরণ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৩ ২৩:১০:০১
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্যনীতি এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করছে। প্রথমে ২৫ শতাংশ এবং পরে রাশিয়া থেকে তেল আমদানির জন্য অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় ভারত ও চীনের মধ্যে অভিন্ন অর্থনৈতিক স্বার্থ গড়ে উঠছে। যদিও দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতার কারণে উত্তেজনাপূর্ণ, যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান তাদের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতার সুযোগ সৃষ্টি করেছে।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পরিচালক ফারওয়া আমের বলেন, ‘যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকলে ভারত-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হতে পারে।’ এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাত বছর পর চীন সফর বিশেষ গুরুত্ব বহন করছে, যেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
চীন এ সফরকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘনিষ্ঠতা পারস্পরিক আস্থার ফল নয়, বরং যুক্তরাষ্ট্রের নীতির বিরূপ প্রভাব মোকাবিলার কৌশল। ভারতের জন্য চ্যালেঞ্জ হবে—ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রেখে নতুন এই বাস্তবতায় সঠিক কৌশল নির্ধারণ।