মা নি ক পা ল

  • স্বাধীনতা তোমায় খুঁজি
  • ২০২৫-০৮-১৩ ২০:০০:২২
image

স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
সকাল, দুপুর, রাত্রিতে;
তোমায় খুঁজি জীর্ণ কাঁথায়
রাজপথের ওই ফুটপাতে!

স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
দুগ্ধহীনা মা’র বুকে,
ছিন্ন আঁচল পেতে থাকা
পথের পাশে মুখ ঢেকে!

খুঁজি তোমায় অফিসপাড়ায়
হতাশ, বিষাদ দৃষ্টিতে;
ক্ষুব্ধ আগুন নেভে না যে
সিক্ত চোখের বৃষ্টিতে!

স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
পথের পাশে ডাস্টবিনে,
আহার নিয়ে চলছে লড়াই
মানুষ, কুকুর রাতদিনে!

স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
পথশিশুর ঐ বোঁচকাতে,
ভাঙা বোতল, জীর্ণ কাগজ
দুর্গন্ধময় বস্তিতে!

স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
হাসপাতালের হিমঘরে,
পথের মোড়ে পড়ে থাকা
বেয়োরিস লাশ, বুক চিড়ে।

স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
ধর্ষিতাদের অশ্রুতে,
তোমায় দেখি সন্ত্রাসীদের
মুঠোয় ধরা অস্ত্রতে!

স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
চলন, বলন, ভঙ্গিতে;
তোমায় খুঁজি কান পেতে সব
নিত্যনতুন সংগীতে!

স্বাধীনতা তুমি কেমন আছো—
দেখতে ভীষণ মন যে চায়,
প্রতিদিন তোমায় দোলতে দেখি
স্বপ্নের ওই পতাকায়।