মব সন্ত্রাসে সাত মাসে ১১১ জনের মৃত্যু: আসকের প্রতিবেদন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১১ ২৩:১৮:২৪
image

বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ‘মব সন্ত্রাসে’ প্রাণ হারিয়েছেন ১১১ জন মানুষ। 
সংস্থাটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি ৯ আগস্ট রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা গভীর উদ্বেগের।
আসকের মতে, আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যাকাণ্ড চালানো আইনের শাসন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। 
সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এই ধরনের ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার আইনেও এটি জীবন ও নিরাপত্তার অধিকারের মারাত্মক হুমকি বলে উল্লেখ করা হয়।
সংস্থাটি বলছে, গণপিটুনির ঘটনা অব্যাহত থাকায় দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতি সামাজিক সম্প্রীতি ও আইনের শাসনের জন্যও বিপজ্জনক।
তারা যেকোনো সংঘবদ্ধ উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত গোষ্ঠী বা ব্যক্তিকে শনাক্ত করে কঠোর জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

কীওয়ার্ডস: মব সন্ত্রাস, আসক, গণপিটুনি, মানবাধিকার