তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ভবন ধসে আহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১১ ০৯:৫৬:৫৯
image

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে এলাকা। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ঘটে যাওয়া এই ভূমিকম্প ইস্তাম্বুলসহ আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়।
রয়টার্স ও টিআরটি গ্লোবাল জানায়, দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) বলেছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার হিসেবে উল্লেখ করেছে।
বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানান, শহরের কেন্দ্রে ধসে পড়া তিনতলা একটি ভবনে ছয়জন বাসিন্দা ছিলেন। এর মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে, বাকি দুজনের সন্ধান চলছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আফাদের জরুরি দল ক্ষয়ক্ষতির হিসাব নিতে মাঠে নেমেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প প্রবণ দেশ তুরস্কে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ কম্পনে ৫৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।


তুরস্ক ভূমিকম্প, বালিকেসির ভূমিকম্প, ইস্তাম্বুল ভূমিকম্প, ৬.১ মাত্রা ভূমিকম্প, তুরস্ক খবর