প্রতিবছর ২০ হাজার কোটি টাকা সাশ্রয়ের পথে বাংলাদেশ: ক্যাশলেস লেনদেন বাড়ানোর আহ্বান গভর্নরের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১০ ১৫:৫০:১৫
image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও সারা দেশে বিতরণে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। 
এই বিশাল রাষ্ট্রীয় ব্যয় কমাতে হলে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ‘ক্যাশলেস লেনদেন’ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে গভর্নর এ আহ্বান জানান। সংলাপটির আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
তিনি বলেন, “টাকা ছাপানো, পরিবহন ও বণ্টনে প্রতিবছর যে বিপুল অর্থ খরচ হয়, তা কমাতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট সিস্টেম জনপ্রিয় করতে নীতিগত সহায়তা ও প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলছে।
লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানকে কিউআর কোড ব্যবহারে বাধ্য করা হবে, যা ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা—সবার জন্য লেনদেনকে করবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। নগদ অর্থের ব্যবহার কমলেই রাষ্ট্রীয় খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।”
গভর্নর আরও বলেন, “ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির জন্য স্মার্টফোন অপরিহার্য। ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে পারলে দেশের শতভাগ মানুষকে স্মার্টফোন সুবিধার আওতায় আনা সম্ভব হবে।
এ লক্ষ্যে ইন্টারনেটের দাম কমাতে হবে এবং সেবার মান বাড়াতে হবে।”

কীওয়ার্ডস: বাংলাদেশ ব্যাংক, ক্যাশলেস লেনদেন, ডিজিটাল পেমেন্ট, কিউআর কোড, অর্থনীতি, গভর্নর আহসান এইচ মনসুর, টাকা ছাপানো খরচ, স্মার্টফোন, ইন্টারনেট সেবা