আজ সোমবার (২১শে আগস্ট) এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১৭ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মাকে অধিনায়ক ও হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক করে নির্বাচকেরা দলে ডেকেছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারকে। এছাড়া সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে একমাত্র ব্যাকাপ ক্রিকেটার হিসেবে।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দলের ব্যাটিং সামলাবেন বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। পেস আক্রমণে বুমরাহ ছাড়াও আছেন মোহাম্মাদ শামি, সিরাজ, শার্দুল ঠাকুর, হার্দিক পান্ডিয়া এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
দলে রাখা হয়েছে উইকেটরক্ষক ইশান কিশান। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার পাশাপাশি জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদ্বীপ যাদবের নামও এসেছে। বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহাল।
ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।