গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা ও হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৮ ০৩:৩৮:১১
image

গাজীপুরে একাধিক সাংবাদিকের ওপর বর্বর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মতে, মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ, আর সাংবাদিকদের ওপর এই ধরনের আক্রমণ সরাসরি সেই ভিত্তিকে আঘাত করে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরে বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে স্থানীয় বিএনপি কর্মীরা এক সাংবাদিককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। একই দিনে পেশাগত দায়িত্ব পালনের সময় আরেক সাংবাদিককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই ঘটনাকে “নৃশংস ও ন্যাক্কারজনক” বলে উল্লেখ করেন। তারা বলেন,
“জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের সাফল্য বহু বাধা পেরিয়ে সাংবাদিকদের সাহসী ভূমিকার মাধ্যমে এগিয়েছে। আজ তাদের ওপর এমন বর্বর হামলা গণতন্ত্র ও সুশাসনের জন্য বড় হুমকি।”
বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলার দায় অন্তর্বর্তীকালীন সরকার এড়িয়ে যেতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
চাঁদাবাজির অভিযোগে বিএনপির সংশ্লিষ্টতার প্রসঙ্গ টেনে সংগঠনটি বলে, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে নির্যাতিত একটি দল হিসেবে বিএনপির কাছ থেকে এমন সহিংস আচরণ অনভিপ্রেত এবং জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি।” বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি যোগ করে, “নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।”
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল। তারা বলছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতার পরিচয়।

কীওয়ার্ডস:গাজীপুর সাংবাদিক হামলা, সাংবাদিক হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণমাধ্যম নিরাপত্তা, বিএনপি চাঁদাবাজি