গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে জামায়াতের গভীর উদ্বেগ ও প্রতিবাদ,দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৮ ০০:০৩:৩৪
image

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ৭ আগস্ট বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, “গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে একজন সাংবাদিককে হত্যা করা প্রমাণ করে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এক ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। সাংবাদিকরাও এখন আর নিরাপদ নন-এটি গোটা জাতির জন্য ভয়াবহ অশনিসংকেত।”
পরওয়ার আরও বলেন, “তুহিন বিকেলে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি ফেসবুক লাইভ করেন। এর কিছু ঘণ্টার মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। এটি নিছক একটি খুন নয়, এটি মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন জঘন্য ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ।”
তিনি অভিযোগ করেন, দেশে সুশাসনের অভাব ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। “তারা শুধু ব্যবসায়ী নয়, এখন সাংবাদিকদের মতো সমাজের সাহসী কণ্ঠগুলোকেও খুন করছে। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়েও নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এসবই প্রমাণ করে, এই অপরাধীরা এখন ‘অপ্রতিরোধ্য’। আর সরকারের নীরবতা বা ব্যর্থতা এদেরকে আরও দুর্বিনীত করে তুলছে।”
এই পরিস্থিতিতে তিনি বলেন, “চাঁদাবাজ, খুনিচক্র ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। নাগরিক ঐক্যের ভিত্তিতে এই অপরাধচক্রকে রুখতে হবে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এই ঘটনায় সাংবাদিক সমাজে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একাধিক সাংবাদিক সংগঠন ইতোমধ্যে প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছে। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া না হলে, মতপ্রকাশের স্বাধীনতা আরও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কীওয়ার্ডস:সাংবাদিক হত্যা গাজীপুর,আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড,জামায়াত বিবৃতি,গোলাম পরওয়ার, চাঁদাবাজি গাজীপুর