ঋতুপর্ণা সেনগুপ্তর হৃদয়ছোঁয়া চিঠি: মায়ের প্রয়াণে শোকবিহ্বল কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৮-০৭ ২২:৫০:১৬
image

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হারিয়েছেন তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে—মাকে। আকস্মিক এই শোক যেন তাঁকে গভীর বিষাদে ভাসিয়ে নিয়ে গেছে। সামাজিক মাধ্যমে এক আবেগঘন খোলা চিঠিতে নিজের ভেতরের কষ্ট, একাকিত্ব আর অপূরণীয় শূন্যতার কথা তুলে ধরেছেন তিনি।
“এখনো তো অত বড় হইনি মা! তুমি চলে গেলে কেন? এখনো তো আদর খেতে ইচ্ছে হয় আমার।"
এই সহজ অথচ হৃদয়বিদারক বাক্যগুলোতেই ফুটে উঠেছে মায়ের জন্য তাঁর অশেষ ভালোবাসা ও হারানোর বেদনা।
"কতদিন তুমি বকোনি আমায়। কতদিন ফোনের ওপার থেকে তোমার অভিমানী কণ্ঠ শোনিনি। এখন আর সেই কণ্ঠ শুনি না। তুমি কোথায় হারিয়ে গেলে মা?"
"প্রতি রাতে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু কাউকে বুঝতে দিই না। কেউ বোঝে না আমায়, তোমার মতো।"
এ কথা যেন শুধু একজন কন্যার নয়, প্রতিটি সন্তানের অন্তরের কান্না।
"তোমার প্রিয় বারান্দা এখনো আছে, যেখানে বসে তুমি আকাশ দেখতে। এখনো মনে পড়ে, তুমি আমার বাড়ির কার্নিশের পাখির বাসাটা বারবার দেখতে, ছানাগুলোর খোঁজ রাখতে।"
"জীবনে অনেক ঝড়-ঝাপটা গেছে, তুমি একা সব সামলেছ। আমাদের গায়ে আঁচ লাগতে দাওনি কখনো। সব বাধ্যবাধকতা ছাড়িয়ে তুমি চলে গেলে! রাতের তারাদের মধ্যে তোমার ঠিকানা খুঁজি এখন। জানি না তুমি কেমন আছো, কিন্তু আমি একদম ভালো নেই।"
"প্রিয় লেখকদের বই পড়তে তুমি ভালোবাসতে। সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়ের বইগুলো সেখানে পেয়েছ তো মা? পরলোক কেমন? রাস্তাগুলো সুন্দর? তুমি জেগে আছ তো? আমি আসছি..."
এই হৃদয়ছোঁয়া লেখায় ঋতুপর্ণা যেন শুধুই একজন তারকা নন, বরং একজন সাধারণ কন্যা, যিনি মাকে হারিয়ে বিচ্ছিন্ন হয়েছেন জীবনের সবচেয়ে দৃঢ় বন্ধন থেকে। এই চিঠি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং হাজারো পাঠককে আবেগাক্রান্ত করেছে।
ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর অভিনয় দক্ষতার জন্য যেমন পরিচিত, তেমনি এবার নিজের লেখনীতে মানুষের হৃদয় স্পর্শ করলেন এক অন্য রকম ভালবাসায় মোড়ানো চিঠির মাধ্যমে। তাঁর এই শোক এবং অনুভব যেন প্রতিটি সন্তানের হৃদয়কে নাড়া দেয়, যারা মাকে হারিয়ে শূন্যতায় দিন গুনছে।

কীওয়ার্ডস:
ঋতুপর্ণা সেনগুপ্ত মায়ের মৃত্যু, অভিনেত্রী ঋতুপর্ণার চিঠি, ঋতুপর্ণার আবেগঘন পোস্ট, কলকাতা অভিনেত্রীর শোকবার্তা, মা-মেয়ের সম্পর্ক সংবাদ