মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আন্তর্জাতিক বাণিজ্যকে নাড়িয়ে দিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক কার্যকর করার পর এবার সেমিকন্ডাক্টর চিপ আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
নিউ হ্যাম্পশায়ারের এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, “আমরা বিদেশি সস্তা পণ্যে নিজেদের শিল্প ধ্বংস হতে দিতে পারি না। এখন থেকে সব চিপ আমেরিকাতেই উৎপাদিত হবে। বাইরের কেউ আমদানি করলে তাকে ১০০ শতাংশ শুল্ক দিতে হবে।”
এই ঘোষণায় প্রযুক্তি-নির্ভর দেশগুলোর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারত, চীন, তাইওয়ান ও জাপানের মতো চিপ-নির্ভর অর্থনীতি এতে সরাসরি প্রভাবিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের সেমিকন্ডাক্টর খাত এখনো গড়ে উঠছে। 'India Semiconductor Mission' চালু থাকলেও বাস্তবে দেশের বেশিরভাগ চিপ আমদানি করতে হয় তাইওয়ান, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া থেকে। বর্তমানে টাটা, মাইক্রন, ফক্সকন, অ্যাম্প্যাক-এর মতো প্রতিষ্ঠান গুজরাট, কর্ণাটক ও তামিলনাড়ুতে চিপ কারখানা গড়তে কাজ করছে।
২০২২ সালে যেখানে ভারতের সেমিকন্ডাক্টর বাজার ছিল ২৩ বিলিয়ন ডলার, ২০২৫ সালে তা ৫০ বিলিয়নে পৌঁছেছে। ২০৩০ সালের মধ্যে এ বাজার ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ উৎপাদন পরিকাঠামো না থাকায় শুল্ক দ্বিগুণ হলে মোবাইল, ইলেকট্রনিক্স, গাড়ি ও চিকিৎসা যন্ত্রপাতির দাম বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে ‘জাতীয়তাবাদী রূপ’ স্পষ্ট। অভ্যন্তরীণ শিল্পকে রক্ষা এবং ভোটারদের মন জয় করাই তার মূল লক্ষ্য। তবে তার এই ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতিক্রিয়া এখন ভারতীয় অর্থনীতিতেও পড়ছে।
এর আগে রাশিয়া থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল। নতুন এই ঘোষণায় ভারতীয় বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।
ট্রাম্পের চিপ শুল্ক ঘোষণাকে ঘিরে ব্লুমবার্গ, রয়টার্স, সিএনবিসি, ওয়াল স্ট্রিট জার্নালসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তুমুল আলোচনা করছে। রিপাবলিকান পার্টির সদর দফতর থেকেও এ ঘোষণার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বে সাপ্লাই চেইন ও প্রযুক্তি নির্ভরতা যেখানে আন্তঃনির্ভরশীল, সেখানে এই ধরনের একতরফা বাণিজ্য সিদ্ধান্ত শুধু ভারতের জন্য নয়, গোটা বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির জন্যই হুমকি হতে পারে।
কীওয়ার্ডস:
ট্রাম্প শুল্ক ঘোষণা, সেমিকন্ডাক্টর বাজার, ভারত প্রযুক্তি সংকট, আমেরিকা চিপ নীতি, আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা