সুয়ারেজ ঝলকে ইন্টার মায়ামির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত,মেসি দর্শক গ্যালারিতে

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৮-০৭ ২২:৩০:১৮
image

লুইস সুয়ারেজের দুরন্ত ফর্মে লিগস কাপে আরও একবার দাপট দেখাল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ডেভিড বেকহ্যামের ক্লাবটি।
ম্যাচে এক গোল করার পাশাপাশি দুটি গোলের সুযোগ তৈরি করেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। তবে মাঠে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। নেকাক্সার বিপক্ষে আগের ম্যাচে ডান পায়ে হালকা চোট পাওয়ায় এই ম্যাচে মাঠের বাইরেই ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। গ্যালারির স্যুট থেকে সতীর্থদের খেলা উপভোগ করলেও মাঠে তার অনুপস্থিতি অনুভব করেননি সুয়ারেজরা।
ম্যাচের ৩৪ মিনিটে পুমাসের হয়ে জর্জে রুভালকাবা গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ সময়ে (৪৫তম মিনিটে) সুয়ারেজের অ্যাসিস্টে ইন্টার মায়ামির হয়ে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। এটি ছিল তার এমএলএস ক্যারিয়ারে প্রথম গোল, মেসির সঙ্গে খেলার আকাঙ্ক্ষায়ই যিনি সম্প্রতি দলে যোগ দিয়েছেন।
দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। পেনাল্টির সূত্রপাত পুমাস ডিফেন্ডার হোসে কাইসেদোর হ্যান্ডবলে। প্রায় দেড় মাস পর এটি ছিল সুয়ারেজের প্রথম গোল, সবশেষ গোলটি এসেছিল ২৩ জুন, ক্লাব বিশ্বকাপে পামেইরাসের বিপক্ষে।
৬৯ মিনিটে আবারো জ্বলে ওঠেন সুয়ারেজ। তার চোখ ধাঁধানো পাস থেকে তাদেও অ্যালেন্দে গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়।
এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগস কাপের এবারের আসরের প্রথম এমএলএস ক্লাব হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে ইন্টার মায়ামি। মেসিকে ছাড়াও দলের এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভাসছে পুরো শিবির।

কীওয়ার্ডস:
সুয়ারেজ গোল, ইন্টার মায়ামি জয়, লিগস কাপ ২০২৫, মেসি চোট, এমএলএস কোয়ার্টার ফাইনাল