বিএনপি সমমনা দলগুলো নিয়ে নির্বাচন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৭ ১৯:১৬:২৯
image

আগামী জাতীয় নির্বাচনে এককভাবে নয়, বরং যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোকে নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘যারা আমাদের সঙ্গে জুলাইয়ের আন্দোলনে যুক্ত ছিল, তাদের নিয়ে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চাই।’
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। সালাহউদ্দিন বলেন, "আমাদের মতো মানসিকতা যাদের রয়েছে, তাদের নিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা জোট গঠনের চেষ্টা করছি। এখনো আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা না দিলেও আলোচনা চলছে। তবে জোট করবো না-এমন কোনো সিদ্ধান্তও নেই।"
তিনি আরও বলেন, “আমরা দক্ষিণপন্থী না, উত্তরপন্থীও না। আমরা বাংলাদেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। মধ্যপন্থায় বিশ্বাস করি এবং চাই দেশের সব রাজনৈতিক শক্তির মধ্যে ন্যূনতম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হোক। আমাদের লক্ষ্য-জাতীয় স্বার্থে সবাই একসাথে বসে সমাধানে পৌঁছানো।”
বিএনপি এই নেতা জানান, ইসলামপন্থী দলগুলো দেশের জনগণের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে। “আমরা চাই, এমন কোনো আইন প্রণয়ন না হোক যা কোরআন ও সুন্নাহর পরিপন্থী। আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করে একটি সর্বজনগ্রাহ্য কাঠামো তৈরি করা হোক।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন কমিশনে চিঠি প্রেরণকে দেশের রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "গত এক বছরে দেশের সবচেয়ে প্রত্যাশিত কাজ ছিল এই চিঠি। নির্বাচন কমিশনও এর অপেক্ষায় ছিল। অবশেষে প্রধান উপদেষ্টা সন্তুষ্ট হয়ে তা পাঠিয়েছেন।"
তিনি বলেন, “আমরা জানি, প্রধান উপদেষ্টা তার সরকারের কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতির জন্য কিছুটা সময় চেয়েছিলেন। সংস্কার, বিচার প্রক্রিয়া এবং প্রশাসনিক স্থিতিশীলতার লক্ষ্যে তার পদক্ষেপগুলো দৃশ্যমান হয়েছে বলেই তিনি এখন নির্বাচন নিয়ে এগোচ্ছেন।”
সালাহউদ্দিন জানান, ‘আলোচনার মাধ্যমে একটি জাতীয় ঐকমত্য তৈরি হচ্ছে, বিশেষ করে সংস্কারের ক্ষেত্রে। জুলাইয়ের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরির প্রস্তুতিও নিচ্ছি আমরা।’
সংবিধান সংশোধন না করেও যেসব জরুরি সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, সেগুলোর প্রতি বিএনপি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সালাহউদ্দিন বলেন, “আমরা চাই কার্যকর নির্বাচন হোক। এজন্য যা করা দরকার, বাস্তবায়নযোগ্য সংস্কারে আমাদের কোনো আপত্তি নেই।”
সরকারের এক বছরের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার অনেকটাই ব্যর্থ।”
সালাহউদ্দিন আহমদের বক্তব্যে স্পষ্ট-বিএনপি এখন একক পথ নয়, বরং সমমনা ও জনগণনির্ভর দলগুলোকে সঙ্গে নিয়েই এগোতে চায়। এ লক্ষ্যেই চলছে সংলাপ ও জাতীয় ঐক্য তৈরির প্রচেষ্টা। তিনি বলেন, “জাতীয় স্বার্থে, একটি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, সংলাপ ও সমঝোতার কোনো বিকল্প নেই। এজন্য সব পথের, সব মতের সঙ্গেই আমাদের আলোচনা চলছে।”

কীওয়ার্ডস:বিএনপি নির্বাচন,সালাহউদ্দিন আহমদ,যুগপৎ আন্দোলন,জাতীয় ঐক্য,নির্বাচন কমিশন