স্পোর্টস ডেস্ক
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বের জটিল সমীকরণে গুরুত্বপূর্ণ একধাপ এগিয়ে গেল সাবিনা-কন্যারা।
ম্যাচের ৩৬ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত এক হেডে গোলের খাতা খুলে দেন সাগরিকা। তাঁর নিখুঁত টাইমিং এবং লাফিয়ে ওঠা হেড লাওসের গোলরক্ষকের হাত ফসকে জালে ঢুকে পড়ে।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন মুনকি আক্তার। বক্সের ভেতর বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে এবং গোলরক্ষককে ঠকিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। নিখুঁত নিয়ন্ত্রণ ও ফিনিশিংয়ে তৈরি হয় বাংলাদেশের জয়ের ভিত।
৮৫ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল গোলবার ছেড়ে এগিয়ে আসলে সুযোগ নেন লাওসের এক ফরোয়ার্ড। গোল হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে ইনজুরি টাইমের শেষভাগে আবারও জ্বলে ওঠেন সাগরিকা। প্রতিপক্ষ বক্সে পাওয়া বল ঠান্ডা মাথায় সাইড পোস্ট দিয়ে জালে জড়ান, ম্যাচের ফলাফল ৩-১ নিশ্চিত করেন।
বাংলাদেশ দুই অর্ধে দুবার নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ক্রসবারের কারণে। প্রথমার্ধে সাগরিকার গোলে লিড নেয়ার কিছুক্ষণ পরই শিখা রায়ের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধেও এক ফরোয়ার্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হয় সেই একইভাবে। তবে এই ছোটখাটো হতাশা ছাপিয়ে জয়ই শেষ কথা।
সাগরিকা সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে একাই চার গোল করে চ্যাম্পিয়ন বানান দলকে। সেই ধারাবাহিকতা এবার এশিয়ান পর্যায়েও ধরে রেখেছেন তিনি। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে তিনি এখন এশিয়াতেও নিজেকে প্রমাণ করছেন।
ম্যাচে স্বাগতিক হলেও লাওস কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেনি। কয়েকটি কাউন্টার অ্যাটাক এবং বাংলাদেশের ভুল পাসে কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে বাংলাদেশ, বিশেষ করে মাঝমাঠ এবং আক্রমণভাগে।
বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল তিমুরলেস্তে। দক্ষিণ কোরিয়া নিঃসন্দেহে হট ফেভারিট, তাই তাদের সঙ্গে লড়াই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। গ্রুপ রানার্সআপ হয়ে অন্য গ্রুপের সেরা তিন রানার্সআপের মধ্যে থাকাই বাংলাদেশের মূল লক্ষ্য। এই লক্ষ্যে লাওসের বিপক্ষে জয় ছিল অতি প্রয়োজনীয়।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ তিমুরলেস্তের বিপক্ষে। সে ম্যাচে জয়ের সম্ভাবনাই বেশি। কিন্তু আসল পরীক্ষা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সেই ম্যাচে গোল পার্থক্য কমিয়ে রাখাও হতে পারে পরবর্তী রাউন্ডে ওঠার কৌশলের অংশ।
কীওয়ার্ডস:
বাংলাদেশ নারী ফুটবল দল, এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫, বাংলাদেশ বনাম লাওস অনূর্ধ্ব-২০, সাগরিকা গোল ভিডিও, মুনকি আক্তার ফুটবল,