রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিতে ইসি’কে পত্র পাঠাল প্রধান উপদেষ্টার কার্যালয়

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৬ ২১:১০:২৯
image

২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো পত্রে উল্লেখ করেন, উল্লিখিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত শুরু করতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন যে, রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় বুধবার এই পত্র পাঠানো হলো।
পত্রে উল্লেখ করা হয়, গত ১৫ বছরে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত নাগরিকদের জন্য আসন্ন নির্বাচনকে “মহা-আনন্দের ভোট উৎসব” হিসেবে আয়োজন করতে হবে। নির্বাচন যেন শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য ও আন্তরিকতায় স্মরণীয় হয়ে ওঠে, সেই প্রত্যাশা প্রধান উপদেষ্টা প্রকাশ করেছেন।
পত্রে আরও বলা হয়েছে, ভোটারদের অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে এবং নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে যথোপযুক্ত প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এখন নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্ণ প্রস্তুতি।

কীওয়ার্ডস:
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন ঘোষণা, নির্বাচন কমিশন প্রস্তুতি, রোজার আগে জাতীয় নির্বাচন, সুষ্ঠু ও অবাধ ভোট আয়োজন