জুলাই ঘোষণাপত্রে জাতীয় পার্টির পূর্ণ সমর্থন: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাইলফলক হিসেবে দেখছে দলটি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৬ ১৫:০৮:৪৭
image

৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠ করা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত করেছে জাতীয় পার্টি।
বুধবার (৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু এ প্রতিক্রিয়া জানান।
তারা বলেন, ঘোষণাপত্রে জনগণের ন্যায্য অধিকার, ভোটাধিকার, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে, যা জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দলটি এই ঘোষণাপত্র অনুযায়ী গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।
জাতীয় পার্টির নেতারা যৌথ বিবৃতিতে আরও বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান, আহত ও নিহতদের আইনি সুরক্ষা এবং দোষীদের বিচারের দাবিকে দলটি সম্পূর্ণ সমর্থন করছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই ঘোষণাপত্র ভবিষ্যতের একটি গণতান্ত্রিক, সহনশীল ও টেকসই রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলটি মনে করে, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক দর্শনের আলোকে ঘোষণাপত্রের লক্ষ্য ও উদ্দেশ্য অত্যন্ত প্রাসঙ্গিক।
জাতীয় পার্টি শেষ পর্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা এই ঘোষণাপত্রের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করছে।

কীওয়ার্ডস: জুলাই ঘোষণাপত্র, জাতীয় পার্টির প্রতিক্রিয়া, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার