ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে ইসি,স্বচ্ছ ভোটের আশ্বাস সিইসির

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৬ ১৪:৩১:৫৪
image

নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।
সিইসি বলেন, “নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আগামী ৩১ আগস্টের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এছাড়া, নির্বাচনের আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও তালিকায় অন্তর্ভুক্ত হবেন।”
তিনি আরও জানান, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত সব কেনাকাটা সম্পন্ন করা হবে। এছাড়া নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে মিডিয়াসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করবে ইসি। সিইসির ভাষায়, “একটি নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, নির্বাচন আয়নার মতো পরিষ্কার হোক। বিশ্ববাসী দেখুক, আমাদের চেষ্টায় কোনো ঘাটতি নেই।”
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ইসি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে দ্রুত চিঠি পাওয়ার প্রত্যাশা করছে। এর আগে ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে ইসিকে অনুরোধ জানাবেন।

কীওয়ার্ডস: জাতীয় নির্বাচন ২০২৬, নির্বাচন কমিশন প্রস্তুতি, সিইসি এ এম এম নাসির উদ্দিন, স্বচ্ছ ভোট আয়োজন, বাংলাদেশ নির্বাচন সংবাদ