খুলনার ফুলতলায় সরকারি খাস জমি দখল: মেম্বারের বিরুদ্ধে অভিযোগ,জনদুর্ভোগ চরমে

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৬ ১৩:৫৭:৫৯
image

খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিরোমনি বাজার এলাকায় সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের মেম্বার শেখ আলামিন হোসেনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তিনি রাতের আঁধারে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, শিরোমনি মৌজার আরএস ১নং খাস খতিয়ান ও আরএস দাগ নং ৩২৫০-এর আওতাধীন প্রায় ০২ শতক সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, যেখানে একসময় শিরোমনি বাজার ও হাট বসতো, সেই জায়গাটি এখন অবৈধভাবে দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করা হয়েছে।
দখলকৃত স্থাপনার কারণে মানুষের চলাচলের প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক ভোগান্তি দেখা দিয়েছে। ব্যবসায়ী ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি জমি দখল করে এ ধরনের স্থাপনা নির্মাণের ফলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে শেখ আব্দুস সালাম ফুলতলা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি প্রশাসনের কাছে সরেজমিন তদন্ত করে অবৈধ দখলকৃত স্থাপনা অপসারণ এবং সাধারণ মানুষের চলাচলের পথ পুনরুদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন, যাতে সরকারি জমি রক্ষা পায় এবং জনসাধারণের চলাচলের স্বাভাবিক পথ পুনঃস্থাপিত হয়।