আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে দলে রাখা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুজিব-উর-রহমান ও নাজিবউল্লাহ জাদরানকে। এই দুই তারকার অনুপস্থিতি ঘিরে ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। গ্রুপ ‘বি’-তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। রশিদ খানের নেতৃত্বে ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান।
ইনজুরি থেকে সেরে ওঠার পরও মুজিব-উর-রহমানকে দলে না রাখায় সমালোচনা শুরু হয়েছে। চলতি শাপগিজা লিগে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও নির্বাচকদের মন জয় করতে পারেননি তিনি।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাজিবউল্লাহ জাদরানকেও বাদ দেওয়া হয়েছে প্রাথমিক দল থেকে। ১৮৩০ রানের মালিক এই ব্যাটারের অনুপস্থিতি দলকে অভিজ্ঞতা সংকটে ফেলবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের ঘিরে দল সাজিয়েছে আফগানিস্তান। বোর্ডের মতে, এই নতুন মুখদের নিয়ে ভিন্নধর্মী কৌশলেই এগোবে তারা। নির্বাচিত ১৫-১৬ জন খেলোয়াড় চূড়ান্ত দলে সুযোগ পাবেন, যারা এশিয়া কাপ ছাড়াও পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন।
এশিয়া কাপ ২০২৫-এ আফগানিস্তানের ম্যাচ সূচি-
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
প্রাথমিক স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।
বিশ্লেষকদের মতে, মুজিব ও নাজিবউল্লাহকে ছাড়া আফগানিস্তানের এশিয়া কাপ অভিযান হবে কঠিন। তবে নতুনদের নিয়ে তারা কতটা এগোতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
কীওয়ার্ডস:
এশিয়া কাপ ২০২৫, আফগানিস্তান ক্রিকেট দল, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান