বাম সংগঠনগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছাত্রশিবির সভাপতির

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৬ ০০:১৭:২২
image

সকালের আলো ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ অভিযোগ করেছেন, বামপন্থী সংগঠনগুলো শেখ হাসিনার রাজনীতি টিকিয়ে রাখতে ‘বর্ণচোরা ষড়যন্ত্র’ করছে। তিনি বলেন, মতিউর রহমান নিজামীসহ অন্যান্যদের ফাঁসির আদেশ ছিল ‘বিচারিক হত্যাকাণ্ড’, যার দায় শুধু শেখ হাসিনার নয়, শাহবাগের আন্দোলনকারীদেরও।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
ফরহাদ বলেন, "আজকের মব সৃষ্টির ফ্রেমিং ১৯৭১ বনাম ২০২৪ নয়। এটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়ে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার ষড়যন্ত্র। শাহবাগ ও বাকশাল পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।"
তিনি আরও দাবি করেন, অতীতে শাহবাগ আন্দোলনের সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের গুম, হত্যা ও ক্রসফায়ারের মাধ্যমে দমন করা হয়েছিল। "আমরা হতাশ হইনি, এবারও হব না। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব," বলেন শিবির সভাপতি।
বাম ছাত্র সংগঠনগুলোর দিকে ইঙ্গিত করে ফরহাদ বলেন, "বিভিন্ন তকমা দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো আজকের নতুন কিছু নয়। শেখ হাসিনার রাজনীতি রক্ষা করতে তারা এখনো একই ভূমিকা পালন করছে।"
তিনি আরও উল্লেখ করেন, "আজকের মব তৈরির জন্য যেসব ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে, তারা প্রত্যেকেই বিভিন্ন বাম ছাত্র সংগঠনের পদধারী। মাত্র ১০-১২টি সংগঠন থেকে ২০-২৫ জন নিয়ে টিএসসিতে এসেছে।"
এর আগে, জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির আয়োজিত ৩ দিনব্যাপী ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ অনুষ্ঠানে জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন নেতার ছবি প্রদর্শন করা হয়। বামপন্থীদের তীব্র আপত্তির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টিএসসিতে শিবির ও বাম সংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়, যা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

কীওয়ার্ডস:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির, এস এম ফরহাদ বক্তব্য, শাহবাগ আন্দোলন, বামপন্থী সংগঠন ষড়যন্ত্র, জুলাই বিপ্লব ঢাবি