ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের দেশব্যাপী আন্দোলন শুরু

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৫ ১৩:৩৪:২২
image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আজ (৫ আগস্ট) থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করেছে দলটি। পিটিআই জানিয়েছে, এই আন্দোলন বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত অব্যাহত থাকবে।
দলের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার এক বিবৃতিতে বলেন, "৫ আগস্ট কেবল শুরু। এটি চূড়ান্ত আহ্বান নয়।" তিনি জানান, পিটিআইয়ের প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল, গণসচেতনতা কর্মসূচি ও অন্যান্য প্রতিবাদ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পিটিআই এই তারিখকে প্রতীকীভাবে বেছে নিয়েছে, কারণ ২০২৩ সালের একই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবন্দি হন। দলটির দাবি, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সরকারি পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে পাঞ্জাব ও কাশ্মীরসহ কয়েকটি অঞ্চলে দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু হয়েছে। রাওয়ালপিন্ডি জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে ১০ আগস্ট পর্যন্ত সব ধরনের সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে।
পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির দাবি করেছেন, গত কয়েক দিনে প্রায় ২০০টি অভিযান চালিয়ে অনেক কর্মীকে গ্রেপ্তার করা হলেও পরে তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।
শায়ান বশির জানান, লাহোর ও আদিয়ালা জেলের বাইরে বড় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাঞ্জাবজুড়ে বিশাল মিছিল ও র‌্যালির পরিকল্পনাও রয়েছে।
পিটিআই নেতা ও সিনেটর আলি জাফর বলেন, ইমরান খান আদালতের মাধ্যমে মুক্তি পাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি অভিযোগ করেন, সরকার ও ক্ষমতাশালী মহল তাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করছে।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারী বলেছেন, জনগণ ৫ আগস্টের এই বিক্ষোভকে প্রত্যাখ্যান করবে। তার অভিযোগ, পিটিআই এখন আর রাজনৈতিক দল নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আক্রমণে লিপ্ত একটি ফ্যাসিস্ট গোষ্ঠী।
আজমা আরও বলেন, "পুরো দেশ যখন ৫ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে, তখন পিটিআইয়ের এই আন্দোলন অত্যন্ত দুঃখজনক এবং ষড়যন্ত্রমূলক।"
২০২৩ সালের আগস্টে দুর্নীতির অভিযোগে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ইমরান খানের সমর্থকরা দাবি করছেন, তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতে এই মামলা করা হয়েছে। অন্যদিকে সরকার বলছে, আইনের শাসন বজায় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে উঠছে।

কীওয়ার্ডস: ইমরান খানের মুক্তি, পাকিস্তান পিটিআই আন্দোলন, পিটিআই বিক্ষোভ ২০২৫, পাকিস্তানের রাজনৈতিক সংকট, রাওয়ালপিন্ডি ১৪৪ ধারা