মো শা হে দ চৌ ধু রী

  • পরিশ্রমের আলো
  • ২০২৫-০৮-০৫ ০২:৩৯:২০
image

পরিশ্রম-এ যেন মানুষের হাতের ছোঁয়ায় গড়া এক সুচারু মন্দির
কেউ দেখে না ইট গাঁথার ক্লান্তি,
কেউ বোঝে না ঘামে ভেজা কপালের ভাষা।
তবু সে গড়েই যায়-ঘুমহীন রাত পেরিয়ে, এক একটা ভোরের দিকে তাকিয়ে।
সফলতা হাত ধরে না কোনো অলস হাতের।
সে ভালোবাসে ঘাম, চায় ধৈর্য,
সে চায় শতবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর সাহস।
তুমি যদি পাহাড়ে চড়তে চাও, তবে শুরু করতে হবে পায়ের নিচের মাটি থেকে।
যে কৃষক সকাল থেকে সন্ধ্যাব্দি শ্রম দেয়
সে-ই জানে ফসল ফলানোর আনন্দ কতটা নিজস্ব, কতটা আত্মিক।
পরিশ্রমের ফল ফলে না হুট করে --
সময় লাগে, অপেক্ষা লাগে, ভরসা লাগে নিজের ওপর।
অনেকেই বলে -- ভাগ্য থাকলে সবই মেলে।
আমি বলি, ভাগ্য তো কেবল একটা উপলক্ষ্য
তোমার পা না চালালে কাঙ্ক্ষিত গন্তব্য তোমার কাছে আসে না।
যে ছেলে রাত জেগে পড়ে, যে মেয়ে প্রতিদিন কষ্ট করে বাঁচে,
তাদের সাফল্য একদিন সোনালি আলোর মতো উদিত হয় জীবন আকাশে।
পরিশ্রম মানুষকে শুধু সফলই করে না,
মানুষকে মানুষ করে তোলে-ভেতর থেকে, মেরুদণ্ড সোজা রেখে।
তাই বলি, আয়নায় দেখো আর নিজেকে প্রশ্ন করো --
আজ তুমি কতটা শ্রম দিয়েছো নিজেকে গড়তে ?
যত ঘাম ফেলো, জীবন ততই জ্বলে ওঠবে আলোর মতো।
পরিশ্রম-এ এক নীরব প্রার্থনা,
যা প্রতিদিনই ঈশ্বরের দরজায় গিয়ে বলছে --
আমি প্রস্তুত, আমাকে সার্থক করে তোল।