আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের ১৬৫টি উপজেলাসহ বান্দরবান ও কক্সবাজার জেলার সবগুলো উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য দেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকার শিক্ষা ব্যবস্থায় সমতা আনার লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বাড়তি সুযোগ ও সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
দেশে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি শিগগিরই হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই মামলার সমাধান হলে প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষকের সংকট অনেকটাই কমে আসবে।”
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ের সরকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) সংকটও দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মতবিনিময় সভায় রংপুরের জেলা প্রশাসকসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কীওয়ার্ডস: স্কুল ফিডিং কার্যক্রম ২০২৫, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিধান রঞ্জন রায় পোদ্দার বক্তব্য, প্রধান শিক্ষক সংকট সমাধান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা