এ ম এ আ উ য়া ল হি ট লু

  • চোখ দুটো রেখে যাবো
  • ২০২৩-০৮-২১ ১০:৫৭:৪৭
image

আমার চোখের দিকে তাকিয়ে দেখো
তাকিয়ে দেখো সিক্স বাই সিক্স
তোমরাও দেখতে পাবে
ঠিক যতটা দেখেছি আমি মৃত্যু কে
খুব কাছ থেকে। 

আমার চোখে তাকিয়ে দেখো
তোমরাও দেখতে পাবে 
ঠিক কতটা দেখেছি আমি 
সতীর্থদের আর্তনাদ। 

মৃত্যুর বিভীষিকাময় যন্ত্রণা 
সহযোদ্ধাদের নির্মম আহাজারি 
দেখার জন্য আর যেতে হবে না কোথাও
চোখ রাখো আমার চোখে।

একাত্তরের পরে রক্তের বন্যা দেখার জন্য
আমার চোখেই তাকিয়ে দেখো
দেখবে ঠিক কতটা রক্ত দেখেছি আমি
ভয়ার্ত সেই একুশে অগাস্টে।

হ্যাঁ আমি এই চোখ দুটো রেখে যাবো
আগামী প্রজন্মের জন্য
যারা সেই অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে
যারা গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলা। 

আমি চোখ দুটো রেখে যাবো
আমার প্রজন্মের জন্য, যারা 
এই চোখেই খুঁজে পাবে 
উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি।

আমি চোখ দুটো রেখে যাবো
বাংলার মানুষের জন্য
যারা আবার গর্জে উঠবে
অন্যায়ের প্রতিবাদে নতুন করে।

আমি চোখ দুটো রেখে যাবো তাদের জন্য
যারা অন্যায় অপশক্তি 
মৌলবাদ আর উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করে
গড়বে সুখী সম্বৃদ্ধ একটি বাংলাদেশ।।