পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার পিস ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

  • পঞ্চগড় প্রতিনিধি:
  • ২০২৫-০৮-০৩ ১৬:৪৯:৫৭
image

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক।
অভিযান চলাকালে হেলাল উদ্দিনের বাড়ির একটি ট্রাঙ্ক থেকে চার হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৮ হাজার ২৬০ টাকা উদ্ধার করে সেনাবাহিনী। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা। পরে আটক হেলাল উদ্দিনকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক হেলাল উদ্দিন পেশায় একজন সাইকেল মেকানিক হলেও, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনী। তার বাড়ি বোদা উপজেলার ঘাগড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে।
সেনা সূত্র জানায়, ভারতীয় মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে হেলাল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে দেশে মাদক প্রবেশ করাচ্ছিলেন। ২ আগস্ট তিনি বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল নিয়ে আসবেন এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নিয়মিত টহলদল অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে।
অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি বোদা থানার পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মেজর আদনান মোর্শেদ আল হক জানান, “আমাদের কাছে গোপন তথ্য ছিল, হেলাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডলসহ নানা মাদকের ডিলিংয়ে জড়িত। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, “সেনাবাহিনীর অভিযানে আমাদের সদস্যরাও অংশ নেন। আটক হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
সেনাবাহিনীর এই অভিযান পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।