গাজায় ব্যবহারের সম্ভাব্য সামরিক সরঞ্জাম রপ্তানিতে কানাডার নিষেধাজ্ঞা বহাল

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৩ ১৩:৩৪:২৩
image

গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রতি সামরিক সরঞ্জাম রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করেছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ জানিয়েছেন, গাজায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন কোনো সামরিক পণ্যের রপ্তানি লাইসেন্স ২০২৪ সালের জানুয়ারি থেকে অনুমোদন করা হয়নি এবং নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে।
শনিবার (২ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে আনিতা আনন্দ বলেন, “গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি। এরপর থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি।”
তিনি জোর দিয়ে জানান, লাইসেন্স ছাড়া কোনো কানাডীয় প্রতিষ্ঠান যদি সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তাদের বিরুদ্ধে জরিমানা, পণ্য জব্দ এবং ফৌজদারি মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে চারটি আন্তর্জাতিক এনজিও অভিযোগ করে যে, কানাডা থেকে এখনো ইসরাইলে অস্ত্র ও গোলাবারুদ যাচ্ছে। এ প্রসঙ্গে আনিতা আনন্দ বলেন, প্রতিবেদনের দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক।
তিনি ব্যাখ্যা করেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল ধরনের। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয় এবং যেসব যন্ত্র রপ্তানি হয়েছে, তা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করার জন্য নকশা করা।”
ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়্যার, ফিলিস্তিনি যুব আন্দোলন, কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট এবং ইনডিপেনডেন্ট জিউইশ ভয়েসেস-এই চারটি সংগঠন কানাডার অস্বীকৃতি সত্ত্বেও ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানির প্রমাণ হিসেবে বাণিজ্যিক শিপমেন্টের নথি প্রকাশ করেছে।
অটোয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি যুব আন্দোলনের মুখপাত্র ইয়ারা শুফানি বলেন, “সরকারি বক্তব্যের বিপরীতে প্রমাণ রয়েছে যে, কানাডা ইসরাইলকে এখনো বাস্তবিক সহায়তা দিচ্ছে।”
ইসরাইল-হামাস সংঘাতের কারণে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে। এই প্রেক্ষাপটে কানাডা ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি সীমিত করার বিষয়ে চাপের মুখে রয়েছে।

কীওয়ার্ডস: কানাডা অস্ত্র নিষেধাজ্ঞা ২০২৫, ইসরাইল কানাডা সম্পর্ক, গাজা সংঘাত আপডেট, আনিতা আনন্দ বিবৃতি, এনজিও রিপোর্ট ইসরাইল অস্ত্র