গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পকে জরুরি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৩ ১৩:২৩:৩০
image

গাজায় চলমান যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রতিনিধি পরিষদের চারজন ডেমোক্র্যাট সদস্য। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) তারা প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠিয়ে এই আহ্বান জানান।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানা যায়, প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিকস, রোজা ডেলাউরো, জিম হাইমস এবং জেমি রাসকিন তাদের চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা লিখেছেন, “গাজায় চলমান যুদ্ধ এখন গভীর মানবিক সংকট, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং জড়িত সকল পক্ষের জন্য বিপজ্জনক ঝুঁকিতে পরিণত হয়েছে। আমরা আপনাকে এই সংঘাতের তাৎক্ষণিক, ন্যায্য এবং টেকসই সমাধান আনতে মার্কিন কূটনীতির পূর্ণ শক্তি প্রয়োগের আহ্বান জানাচ্ছি।”
আইনপ্রণেতারা মনে করেন, ইসরাইলের সামরিক লক্ষ্য অনেক আগেই পূরণ হয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়া শুধু আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করবে এবং মানবিক বিপর্যয়কে তীব্র করবে। পাশাপাশি এটি ইসরাইল ও ফিলিস্তিন উভয়ের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে।
তারা ট্রাম্পকে আহ্বান জানান, স্থায়ী যুদ্ধবিরতিকে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে। এছাড়া, হামাসকে বাদ দিয়ে গাজাকে ফিলিস্তিনি বেসামরিক নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করারও আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ইসরাইল, ফিলিস্তিনি নেতৃত্ব, আঞ্চলিক অংশীদার, যুক্তরাষ্ট্র এবং বিশেষ দূত স্টিভ উইটকফকে দ্রুত আলোচনার টেবিলে ফিরিয়ে আনা জরুরি।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলি ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। এতে ১,২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হয়। এর জবাবে ইসরাইলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে, যা প্রায় দুই বছর ধরে অব্যাহত রয়েছে।
গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতি কার্যকর হলেও, মাত্র দুই মাসের মাথায় ১৮ মার্চ থেকে নতুন করে অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ।

কীওয়ার্ডস:  গাজা যুদ্ধবিরতি ২০২৫, ডোনাল্ড ট্রাম্প গাজা কূটনীতি, মার্কিন ডেমোক্র্যাটদের চিঠি, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত আপডেট, গাজা মানবিক সংকট