লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৫: সূচি ঘোষণা,বাড়ছে নতুন ফ্র্যাঞ্চাইজি

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৮-০২ ১২:৫৩:৪০
image

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ষষ্ঠ আসরের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সূচি ঘোষণা করেছে। আগামী ২৭ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবারের আসরে নতুন একটি দল যুক্ত হওয়ায় মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলা শহরে।
আগের পাঁচ আসরের মধ্যে চারবারই নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করা হয়েছে এলপিএল। শুধুমাত্র ২০২৪ সালে এটি অনুষ্ঠিত হয়েছিল জুলাই-আগস্টে। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে বলে, বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে এই সময়সূচি ঠিক করা হয়েছে।
এসএলসি জানিয়েছে, এলপিএল শেষে আর কোনো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হবে না, যাতে বিশ্বকাপের প্রস্তুতিতে সম্পূর্ণ মনোনিবেশ করা যায়। টুর্নামেন্ট ডিরেক্টর সামান্থা ডোডানওয়েলা বলেন, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে সামঞ্জস্য রেখে আমরা নভেম্বর-ডিসেম্বর স্লট বেছে নিয়েছি।”
প্রথম পাঁচ আসরে অংশ নিয়েছে কলম্বো, গলে, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা। এবার আয়োজকরা আরও একটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করতে যাচ্ছে। নতুন দলটির নাম ও মালিকানার বিস্তারিত এখনও জানানো হয়নি। আয়োজকদের লক্ষ্য এমন প্রতিষ্ঠানকে যুক্ত করা, যারা দীর্ঘ সময় টুর্নামেন্টের অংশ হয়ে থাকতে পারবে।
এলপিএল ২০২৫ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ ইতোমধ্যে তুঙ্গে। নতুন দল যুক্ত হওয়ায় প্রতিযোগিতা হবে আরও জমজমাট।

কীওয়ার্ডস: লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৫, এলপিএল সূচি, শ্রীলঙ্কা ক্রিকেট টুর্নামেন্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি, নতুন ফ্র্যাঞ্চাইজি এলপিএল