আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০১ ২২:২০:৫৮
image

আগস্ট মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিসি তালেবুর রহমান জানান, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকার কে বি কনভেনশন হলে ‘গোপন বৈঠক’ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। ওই বৈঠকের আয়োজন করেছিলেন শামীমা নাসরিন শম্পা নামের এক নারী, যিনি বিদেশে লোক পাঠানোর কথা বলে একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন। ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৩ জুলাই ভাটারা থানায় মামলা হয় এবং এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের সঠিক তথ্য উদঘাটনে তদন্ত চলছে। শিগগিরই সবকিছু প্রকাশ করা হবে।”
আগামী ৮ আগস্টের বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হুমকির গুজব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সজাগ রয়েছি। আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। ডিএমপি সবসময় প্রস্তুত এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রাখে।”
তালেবুর রহমান আরও জানান, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কিছু গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ড রুখতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০টি মোবাইল ফোন, ছয়টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়।
উল্লেখ্য, ৮ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারের ওই গোপন বৈঠকের ঘটনায় সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হককে হেফাজতে নেয় সেনাবাহিনী।

কীওয়ার্ডস: ডিএমপি নিরাপত্তা শঙ্কা, আগস্ট নিরাপত্তা প্রস্তুতি, বসুন্ধরা গোপন বৈঠক মামলা, ঢাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মেজর সাদিকুল হক গ্রেপ্তার