মো হ ন রা য় হা ন

  • আমি জন্মেছিলাম
  • ২০২৫-০৮-০১ ১৬:৫১:৪৫
image

শ্রাবণের এক বিষণ্ণ, বৃষ্টিধোয়া সকালে
জন্মেছিল আমার অস্তিত্ব—
মশা-মাছির মতন চটকে যাওয়ার জন্য নয়
পিপীলিকার মতন পদদলিত হয়ে বিলীন হবার জন্য নয়—
আমি জন্মেছিলাম– গর্জনের অগ্নিধ্বনিতে
সিংহের কণ্ঠে উচ্চারিত প্রতিরোধের জন্য
বাঘের আঁচরে ইতিহাসের মুখ বদলাতে।
আমি জন্মেছিলাম—
ঝাউগাছের মত হাওয়ায় কাঁপতে নয়
আমি জন্মেছিলাম–শালপ্রাংশুর মত
মাটিতে গেঁথে থাকা দৃঢ় মেরুদণ্ড নিয়ে
বটবৃক্ষ হয়ে ক্লান্ত প্রাণকে স্নিগ্ধ ছায়ায় আগলে রাখতে।
আমি জন্মেছিলাম—
মাটির ঢেলার মত সামান্য ঘায়ে গুঁড়িয়ে যেতে নয়
আমি জন্মেছিলাম– ইস্পাতের মত কঠিন হয়ে
বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে
নির্ভয়ে বলতে— খুনি তোমার ফাঁসি চাই।
আমি জন্মেছিলাম—
ক্ষমতাবানের দরবারে বারবার মাথা নোয়াতে নয়
আমি জন্মেছিলাম—
পাহাড়ের শিরে দাঁড়িয়ে যে কোনো সত্য বলার সাহস নিয়ে।
আমি জন্মেছিলাম—
স্বার্থের পাখির খাঁচায় তোতা হয়ে বুলি আউড়াতে নয়
আমি জন্মেছিলাম বজ্রনিনাদের মতো—
অন্যায়, অবিচার, অসত্যকে বিদীর্ণ করার জন্য।
আমি জন্মেছিলাম—
নিজের ছোট সুখে ডুবে অন্যকে বঞ্চিত করতে নয়
আমি জন্মেছিলাম—
সবার মুখে হাসি ফোটাতে
সমবেদনার হাত বাড়িয়ে দিতে
সম্ভাবনার আলো জ্বালাতে।
আমি জন্মেছিলাম—
রাজপ্রাসাদের বিলাসে হারিয়ে যেতে নয়
আমি জন্মেছিলাম—
নিরন্নের কষ্ট, অশিক্ষার অন্ধকার
স্বাস্থ্যহীনতার হাহাকারকে আলোর দিকে টেনে নিতে।
আমি জন্মেছিলাম—
শুধু নিজের নিরাপত্তা খুঁজে বেড়াতে নয়
আমি জন্মেছিলাম—
অত্যাচারের অগ্নিসেতুতে হেঁটে
ফ্যাসিবাদ আর স্বৈরতন্ত্রের মুখোশ ছিঁড়ে ফেলতে।
আমি জন্মেছিলাম—
জনতার শক্তিকে জাগাতে
অত্যাচারীদের সিংহাসন কাঁপাতে
গণপ্রতিরোধের বজ্রকণ্ঠে
দমন-পীড়নের মসনদ গুঁড়িয়ে দিতে।
আমি জন্মেছিলাম—
সাম্রাজ্যবাদের শৃঙ্খলে বাঁধা পড়তে নয়
আমি জন্মেছিলাম—
বাংলা ভাষার সুরে, বাঙালির সংস্কৃতির ঐশ্বর্যে
কবিতার কোমলতায়, সৃষ্টির উল্লাসে
মানবতার জয়গান গাইতে।
আমি জন্মেছিলাম—
আকাশ আর মাটির ভালোবাসা হয়ে
আলো আর বাতাসের মতো উন্মুক্ত হয়ে
মানুষ, প্রাণী আর প্রকৃতির
গভীর মেলবন্ধনে বাঁচতে।
আমি জন্মেছিলাম—
বিষকাঁটা হয়ে রক্ত ঝরাতে নয়
আমি জন্মেছিলাম—
লাল গোলাপ হয়ে
এই পৃথিবীর প্রতিটি কোণে
স্নিগ্ধ সৌরভ বিলাতে।

(১ আগস্ট ১৯৫৬ স্মরণে)