বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাই,যুবক আটক
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-০৮-০১ ০৩:৫৫:২৮
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জ শহরের স্বরুপনগর মহল্লার একটি বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে প্রবেশ করে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের পর স্থানীয়রা গণপিটুনি দিয়ে সোহেল রানা (২৩) নামে এক যুবককে পুলিশে দিয়েছে। তবে এ সময় সোহেলের সহযোগি আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় যুবকদের মারধরে আহত ওই বাড়ির দুই নারীকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আটক সোহেল শহরের নয়াগোলা মহল্লার মৃত শরিফুল ইসলামের ছেলে ।
এলাকাবাসী,ভূক্তভোগী পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার(৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে কলিং বেল চেপে ওই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে অভিযোগে প্রবেশ করে ৪ যুবক। বাড়ির দরজা খোলা মাত্র তারা বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে ও বাড়ির নারীদের মারধর করে দু’জনের গলায় থাকা দুটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এদিকে ঘটনার সময় বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী এগিয়ে এসে সোহেলকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে যায়।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত বলেন, শুক্রবার(১আগষ্ট) তাঁর মেয়েকে বিয়ের জন্য ছেলে পক্ষের দেখতে আসার কথা। যুবকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বাল্য বিয়ের কথা বলায় তাঁর সন্দেহ হয়। ওই যুবকরা নিজেদের এলাকার ছেলে দাবী করে বিয়ের জন্য টাকা দিতে হবে বলেও জানায়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বাল্যবিয়ে প্রতিরোধের কথা বলে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় এজাহার পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।