নোয়াখালীর হাতিয়ায় ৭ মাস ধরে পলাতক থাকা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বেদনকে ককটেলসহ আটক করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে আলাউদ্দিন বেদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে তিনি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দল নেতা সৈকতের শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। এ সময় গোপনে অবস্থানকালে তিনি নাশকতার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, পালিয়ে থাকার সুযোগে সৈকত নামের ওই তাঁতী দল নেতা আলাউদ্দিনের কাছ থেকে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। তবে সৈকত দাবি করেছেন, "তিনি আমার দুলাভাই হলেও পালিয়ে থাকার বিষয়ে আমি কিছু জানতাম না। টাকা নেওয়ার অভিযোগও সঠিক নয়।"
উপজেলা তাঁতী দলের সভাপতি মো. ফরহাদ উদ্দিন বলেন, “যদি প্রমাণ পাওয়া যায় যে সৈকত তাকে সহযোগিতা করেছেন, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও ১৫-২০ জন পালিয়ে যায়। পরে শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি ককটেল উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, “আলাউদ্দিন বেদনকে ককটেলসহ আটক করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”
কীওয়ার্ডস:
হাতিয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আলাউদ্দিন বেদন আটক, হাতিয়ায় ককটেল উদ্ধার, নাশকতা মামলায় গ্রেপ্তার, হাতিয়া সংবাদ