মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করলেন নুরুল হক নুর

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ২২:৪৯:৪৩
image

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়নে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত পররাষ্ট্রনীতি বিষয়ক এক সেমিনারে এই বিষয়ে প্রশ্ন উঠলে নুর বলেন, “স্যার (কলিমুল্লাহ) একটু বাড়িয়ে বলছেন, যা বিভ্রান্তি তৈরি করবে। বাইরে গেলে অনেকের সঙ্গেই দেখা হয়, এমন সাক্ষাৎ হতেই পারে।”
ঘটনার প্রায় দুই বছর পর এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে নুর জানান, কাতারে সফরের সময় এক কফিশপে দাঁড়িয়ে সাফাদির সঙ্গে একটি ছবি তুলেছিলেন। তার ভাষায়, “কোনো আনুষ্ঠানিক মিটিং হয়নি, শুধু ছবি তোলার ঘটনাই ঘটেছিল। আমি তখন অনেক বিড়ম্বনায় ছিলাম এবং রাজনৈতিকভাবে চাপের মধ্যে ছিলাম।”
অনুষ্ঠানে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ দাবি করেন, হাসিনার আমলে মধ্যপ্রাচ্যে ভ্রমণকালে নুর সাফাদির সঙ্গে কফি মিটিং করেছিলেন এবং এর ফলে রাজনৈতিক ঝামেলায় পড়েন। তিনি উল্লেখ করেন, “ইসরায়েলের কোনো নাগরিকের সঙ্গে কথা বললেও বিপদ হতে পারে। আমি তখন অনলাইনে শো করে তাকে রক্ষা করেছিলাম।”
তবে কলিমুল্লাহ সাফাদিকে একজন দ্রুজ মুসলিম হিসেবে উল্লেখ করলেও পরে অনুষ্ঠান সঞ্চালক জিল্লুর রহমান সংশোধন করে বলেন, দ্রুজ একটি আলাদা ধর্ম।
মেন্দি এন সাফাদির নাম প্রথম আলোচনায় আসে ২০১৬ সালে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের ঘটনায়। এরপর থেকে বাংলাদেশি রাজনীতিতে সাফাদিকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। যদিও তাকে মোসাদের এজেন্ট হিসেবে প্রমাণিত কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৩ সালে নুর-সাফাদি সাক্ষাতের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মেন্দি সাফাদি নিজেই দাবি করেন, তাদের বৈঠক হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং নুর রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন।
সাফাদি ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য এবং সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি পরিচালনা করেন। তবে তার কার্যক্রম ও অর্থায়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ এখনো ইসরায়েলের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। তবে ২০২১ সালে পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ’ শব্দটি বাদ দেওয়া হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত এখানে নিহিত রয়েছে।

কীওয়ার্ডস:
নুরুল হক নুর মেন্দি সাফাদি সাক্ষাৎ, মোসাদ এজেন্ট বিতর্ক বাংলাদেশ, গণঅধিকার পরিষদ নুরুল হক নুর, বাংলাদেশ ইসরায়েল সম্পর্ক, মধ্যপ্রাচ্য কূটনীতি বিতর্ক